নিশানা
বিভাবসু
টের পাচ্ছি, দুই ভ্রুর মাঝ বরাবর, একটু উপরে, তাক করা আছে। দুহাত টানটান করে ধরা। প্রশিক্ষিত শুটারেরা যেমন থাকে আর কী । কত এম.এম. আমার জানার কথা নয়। অটোমেটিক না সেমি তাও জানি না। শুধু শিরদাঁড়া বেয়ে ঠাণ্ডা একটা ভয় নেমে যাচ্ছে। সত্যি সত্যি যদি...। পা জোড়া ঠকঠক করতে শুরু করল বলে। মোট তিনজন। ওরা ঢুকতেই ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো কাকতালীয়ভাবে।
—বাড়িতে আর কজন আছে?
—ছয়।
বহু কষ্টে বললাম। গলা শুকিয়ে কাঠ।
হঠাৎ ক্লিককরে একটা শব্দ হল।
গায়ে চিমটি কাটাতেও ভয় করছে।
—ঠিক আছে, আপনি যান। বাকিদের ডাকুন।
—আমার...?
—না জ্বর নেই। এই দেখুন নাইন্টি এইটের নীচে...
—এই শুনছো, পৌরসভা থেকে ওরা জ্বর মাপতে এসেছে। তাড়াতাড়ি এসো। অন্যদেরও ডেকে আনো।
হাঁপ ছেড়ে বাঁচলাম।
মা করোনা, রক্ষা কোরো দেবী...
১৩.০৬.২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন