সোমবার, ২৯ জুন, ২০২০

একটা স্বপ্নের স্মৃতি।। #বিভাবসু। এটি #কবিতার #পাঠ ও কবিতা বিষয়ে সাধারণ ...




এই চলচিত্রে (videoতে) আমার 'উপপার্বণ' কাব্যপুস্তিকার 'একটা স্বপ্নের স্মৃতি' নামক কবিতার পাঠ ও কবিতা বিষয়ে সাধারণ আলোচনা করা হয়েছে এখানে। আজকে মূলত আলোচনা করা হয়েছে, কবিতার পাঠক হতে গেলে নূন্যতম কী যোগ্যতা লাগে সে বিষয়ে। যদিও এই আলোচনা শিল্পের সব মাধ্যমের জন্যই প্রযোজ্য বলে মনে করি। 'কথা ও কবিতা' ক্রমের বা সিরিজের এই ভিডিওগুলিতে সাধারণ কবিতা পাঠকদের সাথে সংযোগস্থাপনের চেষ্টা করা হয়েছে। এটা কোনো তাত্ত্বিক আলোচনা নয়। সাধারণ কথাবার্তার মাধ্যমে শিল্পময় জীবন কাটানোর অভিজ্ঞতাজাত কিছু টিপস দেয়া হয়েছে। যারা কবিতার কাছে আসতে চান, আশা করছি তাদের ভালোলাগবে।

শুক্রবার, ২৬ জুন, ২০২০

#বোধ।।#জীবনানন্দ দাশের #কবিতা #পাঠ ও সাধারণ আলোচনা





YouTube যেমন বিষবস্তুকে তুলে ধরার সুযোগ দেয়, তার বাইরে আপনার আরো কিছু প্রতিভাপ্রদর্শনের সুযোগ করে দেয়। যেমন ভিডিওগ্রাফি, সিনামাটোগ্রাফির ব্যবহার। জীবনানন্দের কবিতা বিষয়ক এই বিগত দুটি ভিডিওতে আমি আলো প্রক্ষেপণ নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করলাম। সামাজিক মাধ্যমগুলি একারণে আমাদের প্রিয় হয়ে উঠছে যে, এতে নিজের ট্যালেন্ট বা কর্মপ্রচেষ্টা দেখাতে গেলে বুদ্ধিমান প্রাণিদের ছত্রছায়া বা পৃষ্ঠেপোষণার প্রয়োজন হয় না। মানে তৈলমর্দন জনিত সমস্যাটা এখানে নেই। এখানে টিকে থাকতে গেলেও ট্যালেন্টই প্রধান। ভাবুন আজ থেকে ২০/২৫ বছর আগের কথা। একটি কবিতা পাঠকের কাছে পৌঁছানো আগে একজন কবিযশঃপ্রার্থীকে কতকত দাদালেখক, সম্পাদকের বাড়ি বাড়ি হত্যে দিতে হত। বানিজ্যিক পত্রকাগুলির কর্মচারী লেখকদের রেলা দেখলে আত্মহত্যা করতে ইচ্ছে হত। তারপর আরো আরো ব্যাপার স্যাপারতো ছিলই। এইসব দাদাকবিদের, মহৎ সম্পাদকেরা এখন ইতিহাসের বইতে জায়গা হয়েছে। সবচেয়ে বড় কথা, বানিজ্যিক প্রতিষ্ঠানগুলি, যারা মনে করত, বাঙলাসাহিত্যের হত্যাকত্তাবিধাতা তারা, আজ অধিকাংশ ঠুটো জগন্নাথ বা দু-একজন অনলাইনে পেজ খুলে জনদরবারে হত্যা দিচ্ছে। তারা দেখছে লিঙ্ক দিতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। তাই আমিও আমার নিচের ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম। দেখুন আলোর ব্যবহার অদৌ কিছু হল কি না।

মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

নিশানা



নিশানা
বিভাবসু


টের পাচ্ছি, দুই ভ্রুর মাঝ বরাবর, একটু উপরে, তাক করা আছে। দুহাত টানটান করে ধরা। প্রশিক্ষিত শুটারেরা যেমন থাকে আর কী । কত এম.এম. আমার জানার কথা নয়। অটোমেটিক না সেমি তাও জানি না। শুধু শিরদাঁড়া বেয়ে ঠাণ্ডা একটা ভয় নেমে যাচ্ছে। সত্যি সত্যি যদি...। পা জোড়া ঠকঠক করতে শুরু করল বলে। মোট তিনজন। ওরা ঢুকতেই ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো কাকতালীয়ভাবে।

—বাড়িতে আর কজন আছে?
—ছয়।
বহু কষ্টে বললাম। গলা শুকিয়ে কাঠ।

হঠাৎ ক্লিককরে একটা শব্দ হল।
গায়ে চিমটি কাটাতেও ভয় করছে।
—ঠিক আছে, আপনি যান। বাকিদের ডাকুন।
—আমার...?
—না জ্বর নেই। এই দেখুন নাইন্টি এইটের নীচে...

—এই শুনছো, পৌরসভা থেকে ওরা জ্বর মাপতে এসেছে। তাড়াতাড়ি এসো। অন্যদেরও ডেকে আনো।

হাঁপ ছেড়ে বাঁচলাম।
মা করোনা, রক্ষা কোরো দেবী...

১৩.০৬.২০

সোমবার, ২২ জুন, ২০২০

প্রিয় শ্রাবণমেঘ।। #বিভাবসু, #কবিতাবিষয়ক-আলোচনা ও #কবিতাপাঠ, Prio Srabanm...



প্রিয় শ্রাবণমেঘ ৩ ও ৫ ।। #বিভাবসু, #কবিতা_বিষয়ক_আলোচনা ও #কবিতা_পাঠ, Prio Srabanmegh by #bivabosu দুটি #কবিতার মূল উপজীব্য #প্রেম । #রোমান্টিক-প্রেম । শ্রাবণের মেঘের মত ভরভরন্ত এক নারীর জন্য আকুতি ফুটে উঠেছে এই কবিতাগুলিতে । সেই পুস্তকার ৩ এবং ৫ নম্বর কবিতা থাকছে এখানে । আমার অষ্টম কবিতাপুস্তিকা #'প্রিয় শ্রাবণমেঘ । এই আলোচনামূলক চলচ্চিত্রে #কবিতার-অর্থ-বিষয়ক আলোচানার সাথে কবিতাদুটি পাঠ করা হয়েছে। কবিতা অনেকেই পড়তে চান । কিন্তু নানা কারণে কবিতার প্রতি সমিহমিশ্রিত ভয় থাকে মনে । এই ভয় কাটানোই 'কবি ও কবিতা' আলোচনাক্রম চালু করা হয়েছে । এই উপাখ্যানে (episode) 'কবিতার মানে' অর্থাৎ 'এই কবিতায় কবি আমাদের কী বোঝাতে চেয়েছেন' জাতীয় প্রশ্নের আলোচনা করা হয়েছে । দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুণ। পছন্দ হলে লাইক করুণ, বন্ধু, প্রিয়জন, যারা কবিতা বা শিল্পবিষয়ে আগ্রহী তাদের কাছে শেয়ার করুন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্টবক্সে জানান। খোলামেলা আলোচনাই শিল্পকে সত্যিকারের এবং নোতুন পথ দেখাবে বলে মনে করি। আর চ্যানেলের উদ্দিষ্টজন যেহেতু আপনারা তাই আপনাদের চাহিদা জানা থাকলে আমাদের বিষয়বস্তু নির্বাচনে সুবিধা হবে।


https://youtu.be/oRnYfKAhbHk

শুক্রবার, ১৯ জুন, ২০২০

#জীবনানন্দ দাশের কবিতা, #আট বছর আগের একদিন, পাঠে # বিভাবসু, #অবসাদ বা #Depressions আধুনিক কর্মব্যস্ত, অর্থ, ধন, ক্ষমতা বা প্রতিষ্ঠালোলুপ পৃথিবীর সবচেয়ে ভায়াবহ রোগ। এই অসুস্থতা ভয়ানক আকার ধারণ করেছ করোনা বা লকডাউন পরবর্তী পৃথিবীতে। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা 'আট বছর আগের একদিন'-এ এরকম অবসাদগ্রস্ত মানুষের আত্মহত্যার কথা বলা হয়েছে। এটি কিন্তু #বিষাদগ্রস্ততার পক্ষের কবিতা নয়। #'আট বছর আগের একদিন' কবিতা প্রকৃতপক্ষে জীবনের কবিতা।

সোমবার, ১৫ জুন, ২০২০

মেঘলাদিন, একলাদিন


এমনটাই হচ্ছে। এই গৃহবন্দী দশায়। যত রাতেই ঘুমাই না কেন, ছটা নাগাদ বা তারো আগে ঘুম ভেঙে যাচ্ছে। গত কুড়ি বছরে রাত তিনটে/চারটের আগে বিছানায় যাওয়াই হয় না। কিন্তু বিছানায় পড়লেই, রে রে করে ছুটে আসে ঘুম। আর আটটা/ নটায় দুই/তিনটে এলার্ম গলদ্ঘর্ম হয়ে যায়, আমার মতো কুম্ভকর্ণমার্কা ঘুম ভাঙাতে। আর ঘুমও পরিপূর্ণ হয় এই গভীরতা পেয়ে।

কিন্তু লকডাউন তৃতীয় মাসে পড়ার পরই এই রোগটা জেগে উঠল আমার। দুদিকেই অপ্রতুলতা দেখা দিল। ঘুমাতে গেলেও টুপ করে ঘুম আসে না আর। আর কারণে-অকারণে চটকেও যায়। এই যেমন আজকে ছটা নাগাদ ঘুম ভাঙল অঝর ধারার আওয়াজে। অমি অবাক হয়ে যাই, কী পলকা হয়ে গেছে আমার ঘুমের পরত। অথচ কাল শুয়েছি সাড়ে তিন/চারটে নাগাদ। এই মুদ্রাদোষটা জন্ম নেবার পরেই আমি আবিষ্কার করলাম, আমার কাচের জানালায়ও পাখি এসে ঠোকরায়। বাড়ি করার আগেই আমি খেয়াল করেছিলাম যে, ওই আয়নার মতো কাচ দেওয়া জানালার প্রতি পাখিদের ভয়ানক রাগ রয়েছে। বিশেষত এম.এ পড়ার সময় আমি যে ভাড়াবাড়িতে থাকতাম, সেখানে এই কাণ্ডটি হত। এবং সেটা হত রীতিমতো বাড়াবাড়ি পর্যায়ের। 

এই পাখিপ্রকৃতি নিয়ে গভীর গবষণা প্রয়োজন বলে আমি মনে করি। যাই হোক, তখন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, যদি কোনদিন বাড়ি করতে পারি তাহলে এই জঘন্য আয়নাকাচ লাগাবো না। পাখিদের প্রতি এটুকু দায়বদ্ধতা অন্তত থাকা উচিত বলে মনে করছি। এবং বাড়ি করার পরে প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে রক্ষাও করেছিলাম। এবং মনে মনে এরূপ মহৎ কাজ করার জন্য নিজেকেই বাহবাও দিতাম। 

কিন্তু এই বিশ্বমারীজাত লকডাউন আমার একমাত্র পাখিষেবামূলক গর্বভাবটাও কেড়ে নিল। শয়তান কহিকে! সেদিন যথারীতি সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেল। খেয়াল করলাম আমার জানালার কাচে অবিরাম ঠোকরানোর আওয়াজ। প্রথমে ভেবেছিলাম স্বপ্নে দেখছি। তারপরে মনে হল পাশের বাড়িতে। পরে দেখলাম কালো কালো ছায়ারা আমাকে পরিহাস করে কাচের প্রতি তাদের চিরকালের বিদ্রোহ প্রকাশ করছে। আর আমার অহংকার ভেঙে গুড়োগুড়ো হয়ে ছড়িয়ে যাচ্ছে।

একটা জিনিস নিয়ে আমি অবশ্য এখনও গর্ব করি আর তা হল আমার একলাজীবন। একা একা বাঁচলেই লকডাউনের ভয়াবহতা তোমাকে অতটা ছুঁতে পারবে না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এলেও নিজেকে তোমার বন্দী বন্দী মনে হবে না। মেঘলা দিন আমার কাছে একলা দিন নয়। মেঘলা দিন আমার কাছে সমুদ্রের খবরাখবর।

কিন্তু এই ভাঙাঘুমের সাতকাহন নিয়ে আমি কার কাছে যাবো?

বিভাবসু 
১৬.০৬.২০২০

শনিবার, ১৩ জুন, ২০২০

বৃষ্টির কনসার্ট আর কাগজের নাও


বৃষ্টিধ্বনির মধ্যে ডুবে আছে আমার জীবনের অনেক আশ্চর্যসব স্মৃতিকথা। বিস্মৃতি কথাও। বৃষ্টি নামলে কেন জানি প্রথমেই একটা গোলাঘরের কথা মনে আসে আমার। গোলাঘরের হাত ধরে ভেসে আসতে থাকে বাল্যবেলা। বৃষ্টি শুরু হলেই আমার একটা বিস্তৃত দিগন্তের কথা মনে পড়ে। যার দূর থেকে, প্রথমে কালো মেঘ জানান দেয়—বৃষ্টি আসবে হে বিন্তিবাসী। তারপর শো শো আওয়ায় বলে দেয় আসছি গো। মেয়েরা উঠোন পরিষ্কার করো। ওই যে ঘরের চালে আমশি শুকোচ্ছে তাড়াতাড়ি তোলো। ওরে হেঙলি তারে জামাকাপড় আছে, তোল তোল। ওরে বিধু ছাগলদুটো গোয়ালে রেখে আয়....। বলতে বলতে ঝমঝম, ঝমঝম, ঝমঝম আর টাপুরটুপুর, টাপুরটুপুর...। সারা প্রকৃতি জুড়ে সে কী যে উথাল-পাতাল, সে কী মাতোয়ারা দশা। ওহ্, কী অসীম আনন্দ। ঝাপটে ঝাপটে নদী, ঝাপটে ঝাপটে সমুদ্র। গোঁ গোঁ করতে করতে এক আসমান জলে ভেসে যাচ্ছে আমাদের বাড়ি,আমাদের গ্রাম। তাহলে এ বৈশাখ মাস। তাহলে এ কালবৈশাখ। এ আষাঢ়ও হতে পারে। সবকিছুর শেষে, বৃষ্টি মানে টইটম্বুর এক পৃথিবী। বৃষ্টি মানে উঠোন জুড়ে বুদ্বুদের খেলা। বৃষ্টি মানে কাগজের নাও। বৃষ্টি মানে হিরণ্য বাল্যপ্রেম। বৃষ্টি মানে টিনের চালে পৃথিবীর সবচেয়ে মধুর আর মহৎ মিউজিক কনসার্ট...

ঘুম ভেঙেই শুনছি বাইরে বৃষ্টি হচ্ছে ভোলামন...

বিভাবসু
১৪.০৬.২০