শনিবার, ১৩ জুন, ২০২০

বৃষ্টির কনসার্ট আর কাগজের নাও


বৃষ্টিধ্বনির মধ্যে ডুবে আছে আমার জীবনের অনেক আশ্চর্যসব স্মৃতিকথা। বিস্মৃতি কথাও। বৃষ্টি নামলে কেন জানি প্রথমেই একটা গোলাঘরের কথা মনে আসে আমার। গোলাঘরের হাত ধরে ভেসে আসতে থাকে বাল্যবেলা। বৃষ্টি শুরু হলেই আমার একটা বিস্তৃত দিগন্তের কথা মনে পড়ে। যার দূর থেকে, প্রথমে কালো মেঘ জানান দেয়—বৃষ্টি আসবে হে বিন্তিবাসী। তারপর শো শো আওয়ায় বলে দেয় আসছি গো। মেয়েরা উঠোন পরিষ্কার করো। ওই যে ঘরের চালে আমশি শুকোচ্ছে তাড়াতাড়ি তোলো। ওরে হেঙলি তারে জামাকাপড় আছে, তোল তোল। ওরে বিধু ছাগলদুটো গোয়ালে রেখে আয়....। বলতে বলতে ঝমঝম, ঝমঝম, ঝমঝম আর টাপুরটুপুর, টাপুরটুপুর...। সারা প্রকৃতি জুড়ে সে কী যে উথাল-পাতাল, সে কী মাতোয়ারা দশা। ওহ্, কী অসীম আনন্দ। ঝাপটে ঝাপটে নদী, ঝাপটে ঝাপটে সমুদ্র। গোঁ গোঁ করতে করতে এক আসমান জলে ভেসে যাচ্ছে আমাদের বাড়ি,আমাদের গ্রাম। তাহলে এ বৈশাখ মাস। তাহলে এ কালবৈশাখ। এ আষাঢ়ও হতে পারে। সবকিছুর শেষে, বৃষ্টি মানে টইটম্বুর এক পৃথিবী। বৃষ্টি মানে উঠোন জুড়ে বুদ্বুদের খেলা। বৃষ্টি মানে কাগজের নাও। বৃষ্টি মানে হিরণ্য বাল্যপ্রেম। বৃষ্টি মানে টিনের চালে পৃথিবীর সবচেয়ে মধুর আর মহৎ মিউজিক কনসার্ট...

ঘুম ভেঙেই শুনছি বাইরে বৃষ্টি হচ্ছে ভোলামন...

বিভাবসু
১৪.০৬.২০

1 টি মন্তব্য: