এমনটাই হচ্ছে। এই গৃহবন্দী দশায়। যত রাতেই ঘুমাই না কেন, ছটা নাগাদ বা তারো আগে ঘুম ভেঙে যাচ্ছে। গত কুড়ি বছরে রাত তিনটে/চারটের আগে বিছানায় যাওয়াই হয় না। কিন্তু বিছানায় পড়লেই, রে রে করে ছুটে আসে ঘুম। আর আটটা/ নটায় দুই/তিনটে এলার্ম গলদ্ঘর্ম হয়ে যায়, আমার মতো কুম্ভকর্ণমার্কা ঘুম ভাঙাতে। আর ঘুমও পরিপূর্ণ হয় এই গভীরতা পেয়ে।
কিন্তু লকডাউন তৃতীয় মাসে পড়ার পরই এই রোগটা জেগে উঠল আমার। দুদিকেই অপ্রতুলতা দেখা দিল। ঘুমাতে গেলেও টুপ করে ঘুম আসে না আর। আর কারণে-অকারণে চটকেও যায়। এই যেমন আজকে ছটা নাগাদ ঘুম ভাঙল অঝর ধারার আওয়াজে। অমি অবাক হয়ে যাই, কী পলকা হয়ে গেছে আমার ঘুমের পরত। অথচ কাল শুয়েছি সাড়ে তিন/চারটে নাগাদ। এই মুদ্রাদোষটা জন্ম নেবার পরেই আমি আবিষ্কার করলাম, আমার কাচের জানালায়ও পাখি এসে ঠোকরায়। বাড়ি করার আগেই আমি খেয়াল করেছিলাম যে, ওই আয়নার মতো কাচ দেওয়া জানালার প্রতি পাখিদের ভয়ানক রাগ রয়েছে। বিশেষত এম.এ পড়ার সময় আমি যে ভাড়াবাড়িতে থাকতাম, সেখানে এই কাণ্ডটি হত। এবং সেটা হত রীতিমতো বাড়াবাড়ি পর্যায়ের।
এই পাখিপ্রকৃতি নিয়ে গভীর গবষণা প্রয়োজন বলে আমি মনে করি। যাই হোক, তখন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, যদি কোনদিন বাড়ি করতে পারি তাহলে এই জঘন্য আয়নাকাচ লাগাবো না। পাখিদের প্রতি এটুকু দায়বদ্ধতা অন্তত থাকা উচিত বলে মনে করছি। এবং বাড়ি করার পরে প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে রক্ষাও করেছিলাম। এবং মনে মনে এরূপ মহৎ কাজ করার জন্য নিজেকেই বাহবাও দিতাম।
কিন্তু এই বিশ্বমারীজাত লকডাউন আমার একমাত্র পাখিষেবামূলক গর্বভাবটাও কেড়ে নিল। শয়তান কহিকে! সেদিন যথারীতি সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেল। খেয়াল করলাম আমার জানালার কাচে অবিরাম ঠোকরানোর আওয়াজ। প্রথমে ভেবেছিলাম স্বপ্নে দেখছি। তারপরে মনে হল পাশের বাড়িতে। পরে দেখলাম কালো কালো ছায়ারা আমাকে পরিহাস করে কাচের প্রতি তাদের চিরকালের বিদ্রোহ প্রকাশ করছে। আর আমার অহংকার ভেঙে গুড়োগুড়ো হয়ে ছড়িয়ে যাচ্ছে।
একটা জিনিস নিয়ে আমি অবশ্য এখনও গর্ব করি আর তা হল আমার একলাজীবন। একা একা বাঁচলেই লকডাউনের ভয়াবহতা তোমাকে অতটা ছুঁতে পারবে না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এলেও নিজেকে তোমার বন্দী বন্দী মনে হবে না। মেঘলা দিন আমার কাছে একলা দিন নয়। মেঘলা দিন আমার কাছে সমুদ্রের খবরাখবর।
কিন্তু এই ভাঙাঘুমের সাতকাহন নিয়ে আমি কার কাছে যাবো?
বিভাবসু
১৬.০৬.২০২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন