সোমবার, ২১ জুন, ২০২১

কী লিখি, কেন লিখি



কী লিখি, কেন লিখি

বিভাবসু 


কী লিখি?

এটা একটা লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্নটার কোন উত্তর হয় বলে আমার জানা নেই। বিভিন্ন সময়ে, বিভিন্ন মানুষের মুখে ‘কী ছাইপাশ যে লিখিস, কিছুই বুঝতে পারি না!’ শুনতে শুনতে ধারণা হয়েছে, আমি চিরকাল ছাইপাশই লিখে আসছি। তারপর কানে আসে, অনেক পণ্ডিত-সমালোচক সুযোগ-সুবিধামতো প্রবচন দেন—‘ও কিছু লিখতে পারে নাকি?’ আজ জীবনের শেষপ্রান্তে এসে আমার স্পষ্ট প্রতীতি জন্মেছে যে, সত্যিকার অর্থে যাকে 'লেখা' বলে, তা লেখার মুরোদ আমার নেই। আসলে আমি চিরকালই একজন নবিশলেখক। অদ্যাবধি, কীভাবে লিখতে হয়, সেটাই শেখার চেষ্টা করে যাচ্ছি। এবং এই চেষ্টাটাই আমৃত্যু চালিয়ে যেতে চাই। আর তাই লিখে চলেছি যা একজন শিক্ষানবিশের পক্ষে সম্ভব।


প্রকৃতপক্ষে, প্রকৃতির বিচিত্রসব শব্দতরঙ্গের সাথে, আমার মস্তিষ্কের যে সংযোগ ও সংরাগ রয়েছে, তাই আমার লেখকজীবনের, নিরন্তর শব্দযাপনের চালিকা শক্তি। আজ স্পষ্টই বুঝতে পারি, কিছু কিছু শব্দের সাথে আমার ভালোলাগা জড়িয়ে রয়েছে। আবার কিছু শব্দের সাথে সম্পৃক্ত হয়ে আছে মন্দলাগার অনুভব। এইযে এখন আকাশে তীব্র বজ্রধ্বনি উঠছে, তার সাথে আমার মস্তিষ্কে জেগে উঠছে ‘ভয়’ নামক অনুভূূতিটা। এইযে মনে, মননে নানা অনুভব-অনুভূূতিসমেত গিসগিসে শব্দময় জীবনযাপন করছি, আমার কবিতায়, গল্পে, প্রবন্ধে, লেখক হিসেবে আসলে সেই ভার্চুয়াল জগতটাকে লিখিতভাষায় অনুবাদ করে যাচ্ছি আমি। তাই বলা যায়, আমি আসলে শব্দ লিখি, শব্দতরঙ্গ লিখি। সে দিক থেকে আমি মানবমনের একজন অদক্ষ অনুবাদকমাত্র! 


আদিতে শিল্পের সমস্ত মাধ্যমকে বলা হত কাব্য। তাই শিল্পচর্চাকারী ব্যক্তিকে বলা হত কবি। এমনকী যাঁরা চিকিৎসাশাস্ত্র রচনা করতেন তাঁরাও কবি। এবং চিকিৎসার সাথে যেহেতু মানুষের জীবন-মৃত্যুর সরাসির সংযোগ আছে তাই তারা কবিরাজ। আবার রাজসভার কবিকে বলা হত রাজকবি। ফলে যেহেতু শব্দচর্চা করি, তাই নিজেকে একজন কবিই ভাবি। আর কালিদাসের মতো একজন মহামানবও যেখানে নিজেকে কবিযশপ্রার্থী বলেছেন, সেখানে আমি নিজেকে শিক্ষানবীশ ছাড়া আর কীই বা ভাবতে পারি! তাই আমি আমার পাঠকদের কাছে বিনীতভাবে জানাতে চাই, আমি আসলে লিখি না, লেখার চেষ্টা করি মাত্র।


কেন লিখি

পৃথিবীতে এপর্যন্ত কতজনকে ‘কেন লেখেন?‘ প্রশ্নের জবাবদিহি করতে হয়েছে? আপনারা জানেন অসংখ্য কবি, সাহিত্যিক এ বিষয়ে নিজের মতামত দিয়েছেন। আমার মত একজন ছোটমাপের লেখকেও বেশ কয়েকবার লিখতে হয়েছে এই প্রসঙ্গে। বোঝাই যাচ্ছে, প্রশ্নটা যেহেতু এখনও করা হয়, তাই উত্তরটা যথাযথভাবে পাওয়া যায়নি। হয়ত পাওয়া যায়ও না।  আমার পুরোনো লেখাগুলোতে যে কথাগুলি বলেছি, এখানে শুধুমাত্র তার প্রথম কথাটির পুনরাবৃত্তি করব। তারপর বয়স বাড়ার সাথে সাথে যে নোতুন অনুভূূতিগুলি অর্জন করেছি, সেগুলিই আপনাদের সঙ্গে বিনিময় করব। 


আসলে আমার লেখালেখির জীবন এমন একটা বয়স থেকে শুরু হয়েছে, যখন ‘কেন লিখব, কী লিখব’ প্রশ্নগুলির কোনো অস্তিস্ত্বই থাকে না। নিজস্ব ভাবনারা যে বয়সে আত্মোপলব্ধির ক্ষমতা অর্জন করে, সেখান থেকে তখন অনেক অনেক দূূরে আমি। এবং সেটা দ্বিতীয় শ্রেণি। কী লিখেছিলাম মনে নেই। কিন্তু সেই লেখাটি সম্পর্কে বাবার টিপ্পনিটি কোনো কারণে মনে গেঁথে আছে। আরেকটি দিক থেকেও কথাটি প্রমাণ করা যায়। কারণ তৃতীয় শ্রেণিতে আমরা একটা মফস্বল শহরে উঠে আসি। আর সেই সময় আমার একটি ছড়া প্রথম একটা সাপ্তাহিক সংবাদপত্রে ছাপা হয়। তাহলে বোঝা যাচ্ছে লেখালেখিতে ঢুকে পড়াটা আমার কাছে নিয়তিই ছিলো। আর এখানে একটা কথা বলে রাখি যে, আমার পরিবারে কেউ লেখালেখির মধ্যে ছিলেন না। বিজ্ঞানের শিক্ষক বাবা, কোনো দিনই লেখালেখিকে প্রশ্রয় দেননি। শুধু তাই নয়, চিরকাল প্রবলভাবে বাধাই দিয়েছেন। কারণ তিনি মনে করতেন আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের সন্তানের জন্য কাব্যচর্চা, বিলাশিতা ছাড়া কিছুই নয়। চাকরি যোগাড় করাটাই আমাদের একমাত্রসাধনা হওয়া প্রয়োজন। এই কারণে তাঁর সাথে কোনোদিনই আমার পিতাপুত্রের স্বাভাবিক সম্পর্কটা গড়ে ওঠেনি। ছোট বেলাতেই যে আমি একটা ছদ্মনামের আড়ালে চলে গিয়েছিলাম, তার প্রধানতম কারণ পরিবারের এই সাংস্কৃতিকচর্চার কঠোর বিরোধিতা। 


কিন্তু পরবর্তীকালে আমি ধারাবাহিকভাবে এমন কিছু মানুষের অভিভাবকত্ব, বন্ধুতা পেয়েছি যে, আমার জীবনে লেখক হয়ে ওঠা ছাড়া, আর কোনো বিকল্প গড়ে ওঠেনি। এই সব শিল্পমোদী মানুষেরা আমার জীবনের নান্দনিক অর্জন। এই পরিসরে সেসব মানুষদের কথা বিস্তৃত বলা যাবে না। যেটা বলার সেটা এই যে, এই সময়ে আমি আমার জীবন থেকে একটাই প্রেরণা পেয়েছি আর তা হলো—লিখতে হবে, শুধু লিখে যেতে হবে। একটা পর্যায়ে আমার চারপাশের আর্থ-সামাজিক পরিবেশ থেকে অনুপ্রেরণা পেয়েছিলাম যে—লিখতে হবে মানুষের জন্য। কিন্তু কিছু দিনের মধ্যে তার অসারতা বুঝতে পেরেছিলাম। একটা পর্যায়ে বুঝতে পারলাম, নিজের ভালালাগা, মন্দলাগা, নিজের অনুভবগুলিই তুলে আনতে হবে সাদা কাগজের পাতায়। আর তার ভেতরে থাকবে মানবতার প্রতি শ্রদ্ধা, দায়বদ্ধতা। বেশ এটুকুই। এই ভাবনাগুলি পেয়েছিলাম নবম-দশম শ্রেণি থেকে। স্বভাবত প্রেম ছিলো, পথে পথে ঘুরে, জীবন ও প্রকৃতির নানা আয়োজনকে বোঝার চেষ্টা ছিলো, আর সবকিছুর ভেতরে ছিলো নিজেকে বোঝার বেপরোয়া এক প্রকল্প।


এরপর একটা সময় পত্রপত্রিকার প্রকাশের সাথে যুক্ত হতে হলো। নিজের মতামত নিয়ে ধোঁয়াশা, একটু একটু করে কাটতে শুরু করেছে। পরিচয় হচ্ছে শিল্পের নানা দর্শনের সঙ্গে। বন্ধু-বান্ধবদের সঙ্গে তর্ক-বিতর্কে, সঙ্ঘবদ্ধতায় কেটে যাচ্ছে দিন। একসময় অনিবার্যভাবে এলো ভাষাপ্রেম। বন্ধুদের সাথে প্রকাশ করলাম ‘মাতৃভাষা’ নামক পত্রিকা। কিছুদিন উচ্চারণভিত্তিক বানান আন্দোলন নিয়ে ‘নোটে গাছটি মুড়োলো’। এর সবটাই আমারা বাঙালিজাতিসত্তার প্রতি ভালোবাসাবাসির ফল। এই ভালোবাসা নানা পরিবর্তনের মধ্য দিয়ে আজও বহমান। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠগ্রহণের কালে, ঘনিষ্ঠ হয়েছিলাম অধুনান্তিক কাব্যান্দোলেনর সঙ্গে, কবিতাপাক্ষিকের সঙ্গে। সেই সংযোগ এখনো অটুট। কিন্তু কবিতাপাক্ষিক আমাকে কখনোই দার্শনিক দায়বদ্ধতার শেকল পরায়নি। এই বহুরৈখিকতার সাধনা আমার মানসিক পরিণমনে অনেকখানিক সহায়তা করেছে। পোস্টমডার্নিজম আমাকে সবসময় নিজের সীমাবদ্ধতাকে পেরিয়ে যাবার সাহস জুগিয়েছে।


আসলে আমি কোনো ধর্মীয়, রাজনৈতিক বা শৈল্পিক এজেন্ডা বা দর্শনের ভারবাহী কোনোদিন আমি ছিলাম না। কিন্তু, শিল্প-সাহিত্য যেহেতু জীবন ও সমাজের ভাষ্য, তাই পরিবর্তিত পরিস্থিতি সচেতন শিল্পীর মধ্যে স্বাভাবিকভাবেই প্রভাব ফেলে। এভাবেই হয়ত সে অজান্তে,  নিজের নবতর আঙ্গিক নিয়ে ঢুকে পড়ে লেখকের লেখালেখির মধ্যে। আর সচেতন শিল্পী-সাহিত্যিকেরা নিজের শিক্ষা, রুচি, মেধা-মনন এবং ভালোলাগার পরিপ্রেক্ষিতে,  আন্তরিকভাবে তাকে তুলে আনেন নিজের রচনায়। 


একটা সময়ে মনে হতো, দলবদ্ধভাবে, দেশ-কাল-সভ্যতার মুক্তিসাধনার জন্যই লিখি, লেখা উচিত। এজন্য নিজেকে লিটল ম্যাগাজিন আন্দোলনের একজন কর্মী হিসেবে ভাবতে শুরু করি। কিন্তু ১৯৯৭ সালের কোলকাতার বইমেলায় অগ্নিকাণ্ড হয়ে যাওয়ার পরবর্তী কদিন, আমার এই ভাবনা ভয়ঙ্করভাবে আঘাত খায়। বইমেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত পত্রপত্রিকাকে এক জায়গায় জড়ো করে লিটলম্যাগাজিন প্যাভিলিয়ন করার সেই শুরু। আমি প্রতিটি টেবিলে ঘুরে ঘুরে বুঝতে পেরেছিলাম, ছোট ছোট গোষ্ঠিতে বাঙলা কবিতার জগত বিচ্ছিন্ন। গোষ্ঠীর বাইরের কারো কবিতা কেউ পড়েন না। কেউ কাউকেই লেখক হিসেবে স্বীকার করেন না। এখানে সবাই রাজা। সবাইই ব্যক্তিগতভাবে ‘মেজর’ কবি। বড়োজোড় গোষ্ঠিপতিকে তারা মান্যতা দেন। অন্যদিকে ১ শতাংশ পাঠক কবিতা পড়ে কিনা সন্দেহ। বুঝতে পারি লেখালেখিটা একদম ব্যক্তিগতপর্যায়ে চলে এসেছে। এবং এত যে পত্রপত্রিকা তার মানে, ছোটো ছোটো তাবুতে ভাগ হয়ে, নিজেকে জাহির করার এক একটা সঙ্ঘ। আর রাজনৈতিক অভিসন্ধি। আর ধান্দাবাজি। 


এই সময় থেকে আমার মনে দৃঢ় বিশ্বাস হতে থাকে যে, শিল্পের সত্যিকারের স্থির কোনো ছাঁচ হয় না। সাহিত্যের ফর্ম কখনো সুনিদির্ষ্ট হতে পারে না। আর জীবন ও সমাজ সম্পর্কে আমাদের যা দেখানো হয়, বা শোনানো হয় তা আসলে সুগন্ধিত, বানানো। অজ্ঞাত থেকে যায় প্রেক্ষাপটের ইতিহাস। এক একটা মতাদর্শ বা প্রতিষ্ঠান, নিজের মতো করে পৃথিবীর কল্পচিত্র মানুষের সামনে উপস্থাপন করে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য, ২০০৮ থেকে শুরু করি উত্তর ইতিহাস প্রকল্প। এই প্রকল্পেরই মুখপত্র ‘উত্তর ইতিহাস’ নামের পত্রিকা। আমার এই ভাবনাচিন্তাগুলি আমার লেখালেখির মধ্যে এখনও প্রকাশ করে যাচ্ছি।


এটা লেখকদের দিক থেকে বলা। কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি জানি, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুবান্ধবদের ৯৯শতাংশ শিল্পের বাইরেরই শুধু না, বিপরীতের। কেরিয়ার সর্বস্ব সেই সমাজে, কবিতার কথা, গল্পের কথা বলতে গেলে উপহাসের পাত্র হতে হয়। অমার নিকটাত্বীয়দের ১০০শতাংশ এই তল্লাট দিয়ে হাঁটে না। শুধুমাত্র যেকজন মিলে শিল্প-সাহিত্যচর্চা করা হয়, তারা নিজেরাই লেখক, নিজেরাই পাঠক। আমরা বলছি ‘লিটল ম্যাগাজিন আন্দোলন’, অথচ ২০০ পত্রিকা বিক্রি হয় না। ৫০ কপি বই বিক্রি হলে দারুণ ব্যাপার। অথচ কলেজ-বিশ্ববিদ্যালয়ে হাজার-হাজার সাহিত্যের ছাত্রছাত্রী প্রতিবছর পাশ করে বেরুচ্ছে!


এই রকম ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে, লেখালেখির কী প্রয়োজন আছে, তা আমি বুঝতে পারি না। কাদের জন্য আমরা এই নন্দনচর্চা করছি? আমি জানি, আরো অনেক মধ্যমেধার লেখকের মতো, মৃত্যুর পরে আমার এই লেখালেখিগুলি কালগর্ভে বিলীন হতে সময় নেবে না। সত্যি কথা বলতে কী, পৃথিবীর ভার হয়ে থেকেওতো কোনো লাভ নেই! তাহলে? কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ এজন্য যে, পড়াশোনার পাঠটা আমাদের সমাজ থেকে প্রায় উঠে গেছে। বড় লেখকেরাই পাঠক পানন, তার আবার নোতুন লেখকদের রচনা! অনেকদিন ধরেই, দু-একজন বাদ দিয়ে, বইয়ের কাছে কেউ যায় না। এরকম একটা ভাবনায় পৌঁছালে, নিজের লেখালেখির জবাবদিহি আর কী থাকে! তখন উপলব্ধি হলো, আমি যেহেতু বহু লেখক-শিল্পীর অভিজ্ঞতা ধার করে নিজেকে বর্তমান ভাবনাস্তরে নিয়ে এসেছি, নিজের সাহিত্যচর্চার মাধ্যমে যতটুকু সম্ভব সেই ঋণশোধ করার জন্য লেখালেখি করে যাবো। কারো কাজে লাগলো কী না লাগলো, আমার নিজের দিক থেকে এটুকু আমাকে করে যেতে হবে।


আর বর্তমানে আমি, আমার সারা

জীবনের অভিজ্ঞতাকে বিশ্লেষণ করে এটা আবিষ্কার করেছি যে, আসলে সমমনস্ক কিছু সহযাত্রী অনুসন্ধানের জন্যই আমি সাহিত্যচর্চা করেছি, করছি। আমার নন্দনচর্চা আসলে বন্ধু খোঁজার অভিযাত্রা। যতদূর সম্ভব মানবতার পক্ষে থাকতে গেলে সমভাবনার কিছু মানুষ খুবই দরকার। লেখালেখি আমাকে এরকম একটা বন্ধুমহল উপহার দিয়েছে। সেই বন্ধুমহলকে ধরে রাখার জন্যই আমি আজও লেখালেখি করছি।


১৯.০৬.২১

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

#অনূূকবিতা ।। #বিভাবসু।। #প্রবাদপ্রবচন থেকে অনূূকবিতা ৷



#অণুকবিতা ।। #বিভাবসু।। #প্রবাদপ্রবচন থেকে অণুকবিতা

অণুকবিতা নিয়ে ভাবতে গিয়ে আমার বারবার করে মনে হয়েছে, বাঙলা প্রবাদের মধ্যে, অণুকবিতার আদিরূপ লুকিয়ে থাকতে পারে। আবার প্রবাদের মতোই শক্তিশালী বিখ্যাত লেখক এর রচনার অংশকে আমরা বলি প্রবচন। এগুলিও স্বভাব-সাযুজ্যে প্রায় অণুকবিতারই মতো। অণুকবিতাতে যেন বিন্দুতে সিন্ধুদর্শন হয়। প্রবাদ-প্রবচনের মধ্যেও তাই।

আবার আমরা কবিতাকে বলি পদাবলী। অর্থাৎ পদের সমষ্টি। দুপা, দুপা করে আমরা যেমন এগিয়ে যাই, তেমনি আখ্যান কবিতাও দুই পায়ে ভর করে এগিয়ে যায়। তাই আমার মনে হয়েছে প্রতিটি কবিতাই আসলে অণূূকবিতা। প্রবাদ-প্রবচনের মধ্যে, শব্দের যে অসীম শক্তি নিহিত থাকে, অনূূকবিতার মধ্যে সেভাবেই কবিমনের ভাষা বা অনুভব তীব্র আকারে প্রকাশিত হয়। বাংলায় অনূূকবিতাধারা প্রাতিষ্ঠানিক রূপ পায় রবীন্দ্রনাথের হাতে। জাপানি হাইকু কবিতার অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাগুলি রচনা করেছিলেন তাঁর ‘কণিকা’ এবং ‘লিখন’ কাব্যগ্রন্থের মধ্যে, পরবর্তীতে সমর সেন হয়ে বিনয় মজুমদারের হাতে তা সত্যি কারের অনূূকবিতায় পরিণত হয়। অনূূকবিতার মধ্যে কবিতা তার নিজস্ব অস্তিত্বকে খুঁজে পায় বলে আমার মনে হয়েছে। বর্তমানে এই অণূকবিতাচর্চার প্রবণতা দারুণভাবে চালু হয়েছে। আজকের ভিডিওতে এই আলোচনা প্রসঙ্গে আমি আমার নিজের লেখা কয়েকটি অনূূকবিতা পাঠ করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

সোমবার, ৩১ আগস্ট, ২০২০

#ডায়েরিকথা।। #বিভাবসু।। #বিভাবসুরআলোপৃথিবীতে একটি #ছবির ডায়েরির #আঁকাআঁকি



#ডায়েরিকথা।। #বিভাবসু।। #বিভাবসুরআলোপৃথিবীতে একটি #ছবির ডায়েরির আঁকাআঁকি



https://youtu.be/gogjOZ0t9Bk



নিজেকে প্রকাশ করে মানুষ আনন্দ পায়। আসলে এই প্রকাশের মাধ্যমে তার সাথে অন্য মানুষের সঙ্গে একটা সংযোগ গড়ে ওঠে। এই সংযোগ তার অর্জিত অভিজ্ঞতাগুলিকে আরো শক্তিশালী এবং কার্যকরী করে তোলে। আবার অর্জিত বা আচরিত অভিজ্ঞতাগুলির মধ্যে সবচেয়ে কার্যকরীগুলিকে সে তার পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চায়। এই পূূর্বপুরুষের এই সঞ্চিত অভিজ্ঞতাগুলিই একটি জাতির রিক্থ। 

এখন এই অভিজ্ঞতাগুলি সঞ্চয়ের জন্য সে নানা রকমের উপকরণ ব্যবহার করে। লেখালেখি তার মধ্যে খুবই জনপ্রিয়। আসলে শিল্পের প্রতিটি মাধ্যমই এই অভিজ্ঞতার এক একটা সঞ্চয় পদ্ধতি। চিঠিপত্রও একটি গুরুত্বপূূর্ণ সঞ্চয় পদ্ধতি। এরকমই আরেকটি সঞ্চয়পদ্ধতি হল ডায়েরি লেখা। ডায়েরির মধ্যে মানুষ মুলত তার দৈনন্দিত যাপনপদ্ধতির কথা লিখে রাখে। তার  প্রতিদিনকার কাজের খতিয়ান ও বিশ্লেষণ এবং ভবিষ্যত পরিকল্পনাগুলির  সে সেখানে লিখে রাখতে পারে। এই ভাবনা বা কথাগুলিই ভবিষ্যতে, জাতির বা পৃথিবীর ইতিহাস রচনার গুরুত্বপূূর্ণ উপকর হয়ে উঠতে পারে। আমরা জানি পৃথিবীর বহু বিখ্যাত ব্যক্তি ডায়েরি লেখতেন বা লেখেন। এগুলির মধ্যে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূূর্ণ। 

ডায়েরি লেখার চেষ্টা আমি অনেকবারই করেছি, কিন্তু সেটি কখনই ধারাবাহিক হয়নি। কিন্তু যেটা হয়েছে তা হল ডায়েরিতে আমি নিয়মিত ছবি একেছি। খানিকটা স্কেচবুক ধরনের কাজ। কিন্তু সেটার ধরণ ওই ডায়েরির মতই। মূূল আঁকাআঁকির পাশে এই অভ্যাসটি আমার এখনও বর্তমান আছে। সেই ডায়েরিকথা এবং একটি ডায়েরির অন্দরমহল
এই ভিডিওটিতে আমি দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

সোমবার, ২৪ আগস্ট, ২০২০

#শিকার।।#জীবনানন্দ দাশ।। #কবিতাপাঠ।।#বিভাবসু





#শিকার।।#জীবনানন্দদাশ।। #কবিতাপাঠ।।#বিভাবসু

‘শিকার’ জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থের কবিতা। পরে এটি ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থেও সংকলিত হয়। এটি ‘জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থেও পাওয়া যাবে। কবিতাটির মধ্যে চর্যাপদের ‘আপনা মাংসে হরিণা বৈরী’র পদটির অনুরণন পাই। যেন যুগযুগ ধরে সাধারণ মানুষ কে বাঘের তাড়া করে ফিরেছ। সারাক্ষণ সে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে বাঁচাতে পারে না। কারণ একজন শিকারীর হাত থেকে পালাতে পারলেও আরেকজন শিকারীর বন্দুকের নিশানা হচ্ছে সে। মানুষের এই অসহায়তার কথা দুটি প্রেক্ষাপটে চমৎকার ভাবে ফুটে উঠেছে। কবিতা একদিকে যেমন চূূড়ান্ত বাস্তবতাবোধ থেকে জন্ম নিয়েছে, অন্যদিকে তেমনি অনুপম এক কবিতা হয়ে উঠেছে।
দুটি কাহিনিকল্প বর্ণনা পাশাপাশি রেখে অদ্ভূূত এক বৈপরিত্য ফুটিয়ে তুলেছেন জীবনানন্দ দাশ।






https://youtu.be/VI4DNfC3O1A

সোমবার, ১৭ আগস্ট, ২০২০

#সমর_সেন ও তাঁর #উর্বশী কবিতাপাঠে #বিভাবসু




#সমর_সেন ও তাঁর #উর্বশী কবিতা

সমর সেন আপাদমস্তক নাগরিক কবি। নাগরিক প্রকৃতি, নাগরিক জীবনের আলো আঁধার, এত চমৎকারভাবে আর কোন বাঙালি কোবির কবিতায় উঠে এসেছে কিনা সন্দেহ। এর সাথে আরেকটি বিষয়ও তাঁকে এবং তাঁর কবিতাকে বাংলা সাহিত্যে ইউনিক বা একক করে তুলেছে। তা হল তাঁর কবিতার নির্মেদ ও নির্ভেজাল অবয়ব। তাঁর কবিতায় তিনি আখ্যান বা কাহিনি, সুর বা দোলা, চিত্র প্রভৃতি অকাব্যিক বিষয়কে ত্যাগ করে, তাকে মৌলিক করে তুলেছিলেন। অথচ কী তীব্র অনুভূতিময় কিন্তু কী অন্ত
হীন নৈর্ব্যক্তিক তাঁর কাব্যভাষা। কবিতার প্রধানতম উপকরণ শব্দ। এখানে নিজের সমস্ত দ্যুতিও আলো নিয়ে উপস্থিত হতে পেরেছে। কবিতার প্রধানতম উপকরণ শব্দ। তাই শব্দই তাঁর কবিতার একমাত্র উপজীব্য হয়ে উঠেছে। গদ্যছন্দের প্রকৃত রূপ খুঁজে পাওয়া যায় সমর সেনের কবিতায়। প্রধানত অন্ত্যমিল এবং সুরেলা দোলা দেয়া আলংকারিক ছন্দ যে কবিতাকে অপ্রয়োজনীয় ভাবে স্থূল করে তোলে, তা তিনি বুঝতে পেরেছিলেন। ফলে তিনি সচেতনভাবে কবিতাকে একেবারেই নিজস্ব ভুবনের মধ্যে সীমায়িত করতে পেরেছিলেন। আধুনিক কবিতাকে তিনি সত্যিকারের আধুনিক করতে পেরেছিলেন বলে আমার মনে হয়। আজকের এই ভিডিওতে সমর সেনের 'উর্বশী' কবিতাটি আমি পাঠ করেছি। সাথে নৈর্ব্যক্তিক, মৌলিক কবিতা সম্পর্কে সাধারণ আলোচনা। অতএব আশা করছি আপনারা আধুনিকতার একটি নতুন সংরূপের সন্ধান এখানে পাবেন।

সোমবার, ১০ আগস্ট, ২০২০

কবি #বিনয়_মজুমদার-এর #ফিরে_এসো_চাকা'-র ১নং কবিতা #একটি_উজ্জ্বল_মাছ। পা...





আজ প্রিয়জনকথায় কবি #বিনয়_মজুমদার-এর #ফিরে_এসো_চাকা-র প্রথম কবিতা তথা #একটি_উজ্জ্বল_মাছ কবিতাটি পাঠ করেছি। ফিরে এসো চাকা বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে এক অভূতপূর্ব কাব্যগ্রন্থ। বিশেষত কবি বিনয় মজুমদারের একটি ক্লাসিক সৃষ্টি এই কাব্যগ্রন্থটি। এই কাব্যগ্রন্থটি নিয়ে কবি নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। বিভিন্ন সময়ে, বিভিন্ন নামে, বিভিন্ন ভাবে প্রকাশ করেছিলেন। এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাই আশ্চর্য হীরকখণ্ডের মত। আমরা জানি, বিনয় মজুমদারের কবিতার মধ্যে একাধারে বিজ্ঞানের নিয়ম-নিষ্ঠা আর হৃদয়জ আর্তি মিশে থাকে। এই কাব্যগ্রন্থটিতে তার একটি তুরীয় রূপ পাওয়া যায়। একটা সময় গ্রন্থটি ছিল গুপ্ত ক্লাসিকের মতো। আজ এই তুমিনলে (youtube-এ) এই কবিতাটি পাঠ করা হয়েছে। সাথে তাঁর সম্পর্কে স্মৃতিচারণা। আর তাঁকে নিয়ে আমার করা একটি তথ্যচিত্র 'প্রকৃত সারসের খোঁজে' বিষয়ে সাধারণ কথাবার্তা থাকছে আজকে। আশা করছি আপনাদের আলোচনাটি ভালো লাগবে।

UCUap1NWHhC2iB4NIHjxpJkA

বুধবার, ৫ আগস্ট, ২০২০

#প্রকৃতিপাঠ : #গ্রামভ্রমণপর্ব।। #বিভাবসু, 'শ্রাবণমেঘের মেয়ে'র উপসংহার কবিতা



#প্রকৃতিপাঠ : #গ্রামভ্রমণপর্ব।। #বিভাবসু, 'শ্রাবণমেঘের মেয়ে'র উপসংহার কবিতা
সমস্ত মানুষ আমরা এক আদি মা-বাবার থেকে এসেছি। এটা আজ মোটামুটিভাবে প্রমাণিত এবং মান্য একটি মতবাদ। আর এ কারণেই আমাদের ব্যথা এক। আমাদের যন্ত্রণা এক। আমাদের পাপও এক। সারা পৃথিবী জুড়ে জাঁকিয়ে বসা মহামারীর ভয় এবং অসহায়তা সেকথা আমাদের সামনে আরেকবার তুলে ধরলো। কিন্তু তবুও আমরা কিছু মানুষ, সবকিছু ভুলে ছুটে চলেছি ব্যক্তিগত সুখের খোঁজে। আর তা করতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি আমাদের শিকড়কে। আমরা শহরের আরামের ঘেরাটোপে বসে ভাবছি দেশের মঙ্গলকথা। কিন্তু তা তো সম্ভব নয়। সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর এসব বুঝতে পেরে, তাঁর 'গোরা' উপন্যাসের নায়ক গোরাকে পাঠিয়েছিলেন গ্রাম-ভ্রমণে। সত্যিইতো গ্রাম-ভারতকে না জানলে, ভারতকে জানা সম্ভব নয়।
আমি যখন ছাত্র তখন থেকেই গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো রোগটা চেপেছিলো। আমার ঠাকুরনগরের লেখক-কবি বন্ধুদের সাথে আমি হুটহাট করেই বেরিয়ে পড়তাম গ্রামের পথে। আর এভাবেই যোগাড় করতাম লেখালেখির রসদ। লেখক হতে গেলে এই প্রকৃতিপাঠ অসম্ভব প্রয়োজনীয় বলে মনে করি। ভালো পাঠক হতে গেলেও এই অনুভব-অনুভূতির প্রয়োজনীয়তা আছে। এই তুমিনলে আমার সেই গ্রামভ্রমণের কথাই বলতে চেষ্টা করেছি। সাথে পাঠ করেছি আমার 'শ্রাবনগ্রন্থির মেয়ে' কাব্যপুস্তিকার উপসংহার কবিতাটি— 'ধীরে, অ্যাতো ধীরে যে...'